
কলকাতা, ১৫ নভেম্বর : কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের মৃত্যু! সোমবার রাতে বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বারাসতের এক যুবতী। জ্বর না কমায় ওই যুবতীকে পরিবারের তরফে কিছু দিন আগেই বেলেঘাটা আইডিতে ভর্তি করানো হয়। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। গত কয়েক দিনে কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন মহিলার মৃত্যু হল।
গত ১১ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাজারহাটের দুই মহিলা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। এবার বারাসতের যুবতীর প্রাণ কাড়ল মশাবাহিত এই রোগ। প্রসঙ্গত, সোমবার রাজ্যে মোট ৩,৭২৬ জনের ডেঙ্গি পরীক্ষা করানো হয়। যার মধ্যে ৫৯৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ হাজার।
