kolkata

2 years ago

Suvendu Adhikari : শুভেন্দুর দাদার বিরুদ্ধে মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতির

Jastice Abhijit Ganguly (File Picture)
Jastice Abhijit Ganguly (File Picture)

 

কলকাতা, ১ নভেম্বর  : শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীকে পুলিশ যে নোটিস পাঠিয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে পুলিশ দাসের মতো কাজ করছে।

কাঁথি পুরসভার গ্রিন সিটি মিশনে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে রাজ্য পুলিশ। মেচাদা-দিঘা বাইপাসে বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতি সংক্রান্ত মামলায় সাক্ষী হিসাবে নোটিস পাঠানো হয় কাঁথির সাংসদ শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীকে। একই মামলায় শিশিরের আর এক ছেলে তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকেও নোটিস দেয় পুলিশ। এ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণেন্দুবাবু।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই মামলার শুনানিতে পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট মামলায় পুলিশ ঠিক কাজ করেনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এগরার এসডিপিওকে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন। তিনি মন্তব্য করেন, ‘‘উর্দিতে যে অশোকস্তম্ভ রয়েছে, তার সম্মানরক্ষা করেননি এসডিপিও। দাসের মতো কাজ করেছে পুলিশ।’’ এখানেই শেষ নয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া সংশ্লিষ্ট মামলায় কৃষ্ণেন্দুকে আর কোনও নোটিস পাঠাতে পারবে না পুলিশ। এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যদি পুলিশ কোনও পদক্ষেপ করে, তার বিরুদ্ধে আমি পদক্ষেপ করব।’’

You might also like!