
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত পার্থ চ্যাটার্জী ঘনিষ্ট প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপের বাড়ির দলিল উদ্ধার হয়েছে। সূত্রের খবর, শৌভিক মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনায় একটি জমি কিনেছেন দিলীপ। সেই দলিল পাওয়া গিয়েছে প্রসন্নর বাড়িতে। দিলীপ নিজেও বাড়ি কেনার বিষয়টি অস্বীকার করেননি। ওই খবর প্রকাশ্যে আসতেই মেদিনীপুরের বিজেপি সাংসদকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল।
বুধবার ঝাড়গ্রাম থেকে কলকাতা রওনা হওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। তিনি বলেন, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু এ বার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এ ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?’’
প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে গ্রেফতারির দাবি তুলেছিলেন তিনি। এ প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণও করেছিলেন অভিষেক। নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে ডায়মন্ড হারবারের সাংসদ বলেছিলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?’’এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরন করেই নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপি নেতা দিলীপ ঘোষের দলিল প্রসঙ্গে বুধবার মমতাও তার গ্রেফতারির প্রসঙ্গ তোলেন।
