
কলকাতা, ২৬ অক্টোবর : ভাইফোঁটা উপলক্ষ্যে বৃহস্পতিবার বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো। আগামীকাল, ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন যাত্রীদের সুবিধার্থে আপ ও ডাউন মিলিয়ে ১১৭টি করে মোট ২৩৪টি ট্রেন চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো চালাবে মোট ৯০টি ট্রেন। কলকাতা মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভাইফোঁটার দিন কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে।
মেট্রো রেল সূত্রের খবর, ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিটে। অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা ৫৫ মিনিটে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। একইভাবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। ভাইফোঁটার দিন উপলক্ষে মেট্রোর সময় পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায়। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিট।
