
কলকাতা, ২২ অক্টোবর : টেট আন্দোলনকারীদের জোর করে তুলে দেওয়ার প্রতিবাদে বিজেপি সহ পথে নামে সব বিরোধী দলই। এ বিষয়ে সব দলকে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রোজকার মত শনিবারও নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি। নিয়মমাফিক সেই পার্ক থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বামেদের কটাক্ষ করেন। তিনি বলেন, "বিজেপি প্রতিবাদে পথে নামছে। মানুষের প্রতি অত্যাচার চলছে, অপশাসন চলছে। তার বিরুদ্ধে সমস্ত দলেরই প্রতিবাদ করা উচিত।" পাশাপাশি বামেদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ বলেন, “বামেরা চিরদিন বিরোধিতা ভালো করতে পারে। আন্দোলন করতে পারে। সরকার চালাতে পারে না। উন্নয়ন করতে পারে না। তাই মানুষ তাদের বিসর্জন দিয়েছে। থেকে থেকে তারা আন্দোলন করবে। আর সেটা দেখে দেখে বাংলার মানুষের মনে হয়েছে যে এটা ভালো কাজ। সেই কারণেই বাংলার লোককে আজ পরিযায়ী শ্রমিক হতে হয়েছে। বিরোধিতা সবাই করছে। কংগ্রেসও করেছে। আর সেটাই করা দরকার। কারণ তাদের সঙ্গে যেভাবে নির্মম ব্যবহার করা হয়েছে, তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সবাই তার বিরোধিতা করছে।"
