
কলকাতা, ১৮ অক্টোবর : ইডি-র নজরে এবার আত্মীয়ের সঙ্গে মানিক ভট্টাচার্যের জয়েন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্স কী? কীভাবে এল এই বিপুল অঙ্কের টাকা? উত্তরের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইডি।
জয়েন্ট অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্স কী? এই বিষয়ে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করেছে ইডি। তবে মানিকবাবু নাকি, আত্মীয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের কথা প্রথমে অস্বীকারই করেন। ইডির অ্যাকাউন্টের নথি দেখানোর পর জয়েন্ট অ্যাকাউন্টের কথা স্বীকার নেন তিনি। তবে জয়েন্ট অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্স কী? তা বলেননি তিনি। বলেন, জানি না! ইডি সূত্রে খবর, মানিকবাবুকে জেরা করে বিশদ জানার চেষ্টা হচ্ছে।
গত ১১ তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর, নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় কোনও তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আগেই কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল, প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতির ছেলের নামেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৮ লাখ টাকা রয়েছে । এছাড়া দাবি করা হয়, মানিকবাবুর কয়েকজন আত্মীয়ের সঙ্গেও জয়েন্ট অ্যাকাউন্টের হদিশ মিলেছে ।
