
কলকাতা, ৩১ অক্টোবর : আন্দোলন করলেই চাকরি নয়, তা বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না। আন্দোলনের সঙ্গে চাকরির সম্পর্ক কী? চাকরি হবে যোগ্যতা, মেধার ভিত্তিতে’।
চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘নেট পাস করে সবাই কি চাকরি পায়? জয়েন্ট পাস করে সবাই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে সুযোগ পায়?’ পাশাপাশি ব্রাত্য বসুর সংযোজন, ‘আন্দোলন বা মামলা দিয়ে নিয়োগ ব্যাহত হলে নেতিবাচক অবস্থার জন্ম হয়। সরকারের কাজ করা মুশকিল হয়। এই বিভ্রান্তি দূর করতেই আদালতে গেছি। অতীতের ভুল শোধরাতে হবে, একদিকে সংশোধন, অন্যদিকে নতুন নিয়োগ’। সঙ্গে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য, ‘অধিকাংশরা চাকরি পান বিরোধীরা চাইছেন না’।
প্রাথমিক থেকে নবম-দ্বাদশ, সব শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে এসএসসি, প্রাইমারি টেটের একাধিক পদাধিকারী এই মুহূর্তে জেলে। গাঁধী মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচ সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন চাকরি প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাঁদের ধর্না-অবস্থান। চাকরি না পাওয়া পর্যন্ত তাঁদের যে অবস্থান চলবে বলেই জানিয়ে রেখেছেন চাকরিপ্রার্থীরা।
