kolkata

2 years ago

Old Water Tank In Bidhannagar: বর্ধমান-কাণ্ডের পর এবার সল্টলেকে জরাজীর্ণ জলাধারগুলির সংস্কার নিয়ে উঠছে প্রশ্ন

Saltlake Water Tank (File Picture)
Saltlake Water Tank (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বর্ধমান স্টেশনে জলাধার ভেঙে পড়ে মৃত্যুর ঘটনার পরে সল্টলেকে জরাজীর্ণ জলাধারগুলির সংস্কার কবে হবে, সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিধাননগর পুরসভার অবশ্য দাবি করেছে, সব জলাধারের জন্য কেন্দ্রীয় প্রকল্প অম্রুতের আওতায় দরপত্র দু’দিন আগেই ডাকা হয়েছে। ঘটনাচক্রে, এর মধ্যেই ঘটেছে বর্ধমানের ঘটনা। 

বিধাননগর পুরসভা সূত্রে জানা গিয়েছে,  সল্টলেক তৈরি হওয়ার পর থেকে জলাধারগুলির সম্পূর্ণ সংস্কার এর আগে কখনও হয়নি। যে কারণে অনেক জলাধারেরই গা থেকে চাঙড় খসে পড়ে লোহার শিক বেরিয়ে পড়েছে। মাঝেমধ্যেই চাঙড় খসে পড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ।

আশঙ্কার বিষয় হল, ওই সব জলাধারের নীচেই রয়েছে সল্টলেকে জল সরবরাহকারী পাম্প হাউস। যেখানে লোকজন চাকরি করেন। ফলে, ওই সব জীর্ণ জলাধারের নীচে নিয়মিত মানুষের যাতায়াত রয়েছে। এ নিয়ে এত দিন তেমন হেলদোল দেখা না গেলেও এ দিন বর্ধমান স্টেশনে জলাধার ভেঙে দুর্ঘটনার বিষয়টি নিয়ে বেশ সাড়া পড়েছে পুর কর্তৃপক্ষের মধ্যেও। একই সঙ্গে ওই সব জলাধারের নীচে থাকা পাম্প হাউসে যাতায়াতকারীরাও উদ্বিগ্ন।

পুর কর্তৃপক্ষ এ সম্পর্কে জানিয়েছেন, ১৫টি জলাধারের সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে দ্রুত সংস্কারের প্রয়োজন ৩, ৭, ১০, ১১ ও ১৩ নম্বর জলাধারের। পুর কর্তৃপক্ষ বিশেষ ভাবে উদ্বিগ্ন ৩, ৭, ১০ ও ১১-সহ কয়েকটি জলাধার নিয়ে।                                                                                                     

You might also like!