
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সঠিক অর্থেই স্বাধীনতার স্বাদ পেতে চলেছে ঝালদা শহর লাগোয়া বড়গ্রামের নায়কপাড়া ও তাঁতিপাড়া।স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ছিল না বৈদ্যুতিক সংযোগ, চলতি বছরে স্বাধীনতা দিবস পালনের আগে খুশির আলোয় ঝলমল করে উঠল ঝালদার এই দুই পাড়া।
দু’টি পাড়ায় কম-বেশি ৪০টি পরিবারের বাস। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দাদের বেশির ভাগ দিনমজুর। পঞ্চায়েত ভোট আসতেই দেওয়ালে পানীয় জল এবং রাস্তার দাবির কথা লিখে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা। তার পরেই সক্রিয় হয় প্রশাসন। তড়িঘড়ি বিদ্যুতের খুঁটি পোঁতা হয় পাড়ায়। ভোটের পরেই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।

অনেকের দাবি, অন্য গ্রামে গিয়ে মোবাইল চার্জ করার জন্য দিতে হত ১০ টাকা। আগে দুই পাড়ায় পড়াশোনার তেমন রেওয়াজ ছিল না। এখন দিন বদলেছে। বেড়েছে পড়ুয়ার সংখ্যা। একাদশ শ্রেণির ছাত্রী সনিয়া তন্তুবায়ের কথায়, ‘‘কেরোসিনের দাম বেশি বলে পোড়া মোবিলের ডিব্রি আলো জেলে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে এত দিন। চোখ জ্বালা করলেও উপায় ছিল না।’’
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দাবি, খুঁটি পোঁতার জন্য জমির সমস্যা ছিল। সে সব মিটে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে দুই পাড়ায়। বিডিও (ঝালদা ১) রাজকুমার বিশ্বাস বলেন, ‘‘দু’টি পাড়ার বাসিন্দাদের মূল দাবি পূরণ হয়েছে। আর কোনও সমস্যা থাকলে প্রশাসন গুরুত্ব দিয়ে দেখবে।’’
