West Bengal

2 years ago

Manipur:মণিপুর নিয়ে পশ্চিমবঙ্গে বড় প্রচারে নামছে তৃণমূল

Trinamool is launching a big campaign in West Bengal about Manipur
Trinamool is launching a big campaign in West Bengal about Manipur

 

কলকাতা, ২৭ জুলাই  : মণিপুরের ঘটনার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে যুব তৃণমূল। সেই লক্ষ্যে পদপাত্রা হবে বৃহস্পতিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তে মণিপুরের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের প্রতি জেলায় ব্লক ধরে ধরে জেলা যুব তৃণমূলের তরফে পথে নামবেন দলীয় নেতা-কর্মীরা।

কলকাতায় সেই কর্মসূচির নেতৃত্ব দেবেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। এ ছাড়া, ৩০ জুলাই কলকাতায় একটি প্রতিবাদ মিছিল বেরোবে। ওই দিন যুব তৃণমূলের নেতা-কর্মীরা মোমবাতি হাতে পথে নামবেন। মিছিলের পর হবে প্রতিবাদ সভাও।

প্রসঙ্গত, বুধবার মণিপুরকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ কলকাতায় মিছিল হয়েছে। মহিলা তৃণমূলের তরফে সেই মিছিল হয় গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত। তার পর সেখানেই অবস্থানে বসেছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মিছিলে হেঁটেছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম প্রমুখ।

যুব তৃণমূল জানিয়েছে, বিজেপি শাসিত মণিপুরে তিন মাস ধরে যে অশান্তি চলছে তার প্রতিবাদে মিছিল হবে। উত্তর-পূর্বের ওই রাজ্যটিতে মহিলাদের উপর নিয়মিত অত্যাচার, বিজেপি সরকারের ব্যর্থতা এবং এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতাকেও কাঠগড়ায় তুলেছে তৃণমূল।


You might also like!