
কলকাতা, ১ নভেম্বর : আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কী ভাবছে মানুষ। জনসাধারণের মন বুঝে নিতে এবং সংযোগ বজায় রাখতে বুধবার থেকেই মাঠে নামছে তৃণমূল। দুর্গাপুজোর পর এবার জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন রাজ্যের শাসক দলের।
বিজয়া সম্মিলনীর দৌলতে আগামী নির্বাচনের আগে জনমতের ভিত আরও মজবুত করতেই এই আয়োজন বলে ধারণা রাজনৈতিক মহলে।২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৯ দিন রাজ্যের প্রতিটি জেলায় এই বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল। উত্তর থেকে দক্ষিণ সবকটি জেলাতেই অঞ্চল ভিত্তিক এই সম্মিলনীর আয়োজন করা হবে।
সূত্রের খবর, এই সব সম্মিলনীর মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে আগামী লোকসভার ব্লু প্রিন্ট তৈরি করা পাশাপাশি মানুষের মনের ভাব পরীক্ষা করে নেওয়ার জন্যে এখন থেকেই ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রে খবর, কোচবিহার জেলায় ২২টি, আলিপুরদুয়ার জেলায় ৮টি, জলপাইগুড়ি জেলায় ১৭টি, দার্জিলিংয়ে ৯টি, উত্তর দিনাজপুর জেলায় ১৪টি, দক্ষিণ দিনাজপুরে ১২টি, মালদা জেলায় ১৭টি সম্মিলনীর আয়োজন করা হবে।
পাশাপাশি, মুর্শিদাবাদ জেলায় ৩৯টি, দক্ষিণের জেলা গুলির মধ্যে বীরভূম জেলায় ২৮টি, নদিয়া জেলায় ৩৩টি, পূর্ব বর্ধমান জেলায় ২৯টি, পশ্চিম বর্ধমান জেলায় ১৮টি, পুরুলিয়া জেলায় ২৩টি, ঝাড়গ্রাম জেলায় ৮টি, বাঁকুড়া জেলায় ২৬টি, উত্তর ২৪ পরগনা জেলায় ৮২টি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫২টি, হাওড়া জেলায় ১৬টি, হুগলি জেলায় ৩১টি, পূর্ব মেদিনীপুর জেলায় ৩৩টি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০টি বিজয়া সম্মিলনী করা হবে। বাদ যাবে না কলকাতাও। কলকাতায় ১৬টি বিজয়া সম্মিলনী করা হবে।
