
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগগনে গরজে মেঘ ঘন বরষা। কবির মেঘ, এবং তা থেকে কবিত্ব-গর্জন নয়, এক ভয়ঙ্কর অভিঘাত, বজ্রপাত যে কী ভয়ঙ্কর! তার ফের প্রমান মিলল পুরুলিয়ায়। মর্মান্তিক ভাবে বাজ পড়ে মৃত্যু হল তিন জনের আহত একজন। জানা যায় রবিবার দুপুরে পুরুলিয়া জুড়ে আকাশ কালো করে আসে। শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে থেকে থেকেই বাজের ঝলকানি।
বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার একাংশে। সেইসঙ্গে পড়ে বাজও। সেই সময়ে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন শাঁকড়া গ্রামের বছর উনিশের দুই যুবক অঞ্জন দাস ও সোমনাথ বৈষ্ণব। বৃষ্টি শুরু হওয়াতে দাঁড়িয়েছিলনে তেঁতুল গাছের নিচে। তাতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ওই একই সময় মাঠে চাষ করছিলেন রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের বছর ৫৬-র লক্ষ্মীনারায়ণ বাউড়ি। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁরও। বাজ পড়ে আহত হন পাঁচুডাঙার বাসিন্দা মহিলা নুসরত খাতুন। গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
