
বোলপুর, ১ মার্চ : স্কুলের হস্টেলে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়াল বীরভূমের লাভপুর জহর নবোদয় বিদ্যালয়ে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত ছাত্রীর নাম রনিজা পারভিন (১৮)। বাড়ি ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রাম পঞ্চায়েতের দোগাছি গ্রামে। সে উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিল।
ওই ছাত্রীর মামা বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকে ওই স্কুলে পড়ত রনিজা। সে মেধাবী ছাত্রী ছিল। বুধবার সকালে স্কুল থেকে বলা হয়, ভাগ্নির স্ট্রোক হয়েছে। লাভপুর হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে দেখি সে মারা গিয়েছে। আমাদের ধারণা, ভাগ্নিকে খুন করা হয়েছে। আমরা সেই মর্মে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ যদিও ওই ছাত্রীর মৃত্যু নিয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ।
