
রায়গঞ্জ, ২ সেপ্টেম্বর : পাথর ছুড়ে ভেঙে দেওয়া হল হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের বিলাসবহুল ভিস্তাডোম কোচের কাচ। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জ এবং ঘিটকিয়া স্টেশনের মাঝে ভিস্তাডোম কোচটিতে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শনিবার সকাল ৬টা নাগাদ ট্রেনটি কালিয়াগঞ্জ রেলস্টেশনে পৌঁছলে বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়ে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
যদিও কালিয়াগঞ্জ স্টেশন এবং রায়গঞ্জ স্টেশনের কর্তব্যরত রেল আধিকারিকরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ট্রেনে ভিস্তাডোম কোচ চালু হয়েছে মাস খানেক হল। এর মধ্যেই পাথর মেরে ভেঙে দেওয়া হল সেই বিলাসবহুল কোচের কাচ। রেল সূত্রে খবর, হাওড়া থেকে রাধিকাপুরগামী ট্রেনটি ঘিটকিয়া স্টেশন পেরিয়ে রায়গঞ্জ যাওয়ার সময় রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভিস্তাডোম কোচ লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। বেশ কয়েকটি পাথর কাচে এসে লাগে। যার ফলে ভিস্তাডোম কোচের একটি জানালা ভেঙে যায়।
