
দুর্গাপুর, ২৭ ফেব্রুয়ারি : পণ্যবাহী গাড়ি ব্যবসায়ীর অফিসে ঢুকে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে। রবিবার রাতে দুর্গাপুর শহরের অভিজাত অম্বুজা এলাকার ঘটনাটি ঘটে ৷ ঘটনায় কেউ আহত না হলেও দেওয়ালে গুলির দাগ স্পষ্ট ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুরের এসিপি ও পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, ঘটনার সময় তাঁর অফিসের মধ্য়ে ছিলেন রিতেশ সিং নামে ওই ব্যবসায়ী ৷ তাঁকে লক্ষ্য করেই গুলি ছোড়েন ব্যবসায়ীরা। যদিও গুলি লক্ষভ্রষ্ট হয়। দু’ রাউন্ড গুলি চালানো হয় বলে সূত্রের খবর। পলাতক এক দুষ্কৃতী।
সূত্রের খবর, এটি পণ্যবাহী পরিবহণের অফিস হলেও কয়লার ব্যাবসা নিয়েও ওই ব্যবসায়ী এই অফিসে আলোচনা করতেন। গুলিকাণ্ডের কিনারা করতে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রসঙ্গেই এসিপি জানান ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিং শুরু হয়েছে। খুব দ্রুত এই গুলি কাণ্ডের কিনারা হবে বলেও আশাবাদী তিনি।
উল্লেখ্য, আসানসোলের বেসরকারি হোটেলের মালিককে গুলি করে খুনের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। আবার হুগলির পান্ডুয়ায় গুলিকাণ্ডের মূল অভিযুক্ত সূরজ সিং দুর্গাপুর থানা এলাকায় চাষী পাড়া এলাকায় গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে সূরজ সিং-কে গ্রেফতার করেছে পুলিশ। তারপর দিন ওই এলাকা থেকে বিহারে চম্পট দেওয়ার সময় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হয় বিকাশ রজক নামের আরও এক দুষ্কৃতী।
