
১৬ অক্টোবর, নদিয়াঃ সাতদিনের সদ্যোজাত শিশু। তাঁকে বিক্রি করে দিতে চাইছিলেন দিদা। নদীয়ার শান্তিপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিগর বলেন, তিনি জানতে পারেন তার ওয়ার্ডের গৃহবধূ বর্ষা বিবি, গত ৯ তারিখে শান্তিপুর হাসপাতালে সদ্যোজাত পুত্র সন্তানকে জন্ম দেন। গত বুধবার শান্তিপুর হাসপাতাল থেকে ওই গৃহবধূ ২২ নম্বর ওয়ার্ডের বাবার বাড়িতে ফিরে আসে। শনিবার রাতে ওই ওয়ার্ডের বেশ কিছু মানুষ তাকে এসে অভিযোগ করেন বর্ষা বিবির সদ্যোজাত শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগ পেয়েই ওই গৃহবধূর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন বুলা খাতুন কারিগর। চাপের মুখে পড়ে সব সত্যি কথা বলেন ওই গৃহবধূ।
রবিবার সকালে ওই সদ্যোজাতকে কোথায় বিক্রি করা হয়েছে এই নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। যদিও কার হাত দিয়ে ওই সদ্যোজাতকে বিক্রি করা হল সেটাও তদন্ত চলছে। তবে ঘণ্টা কয়েকের মধ্যে মধ্যস্থ মহিলাকে আটক করে পুলিশ। সেই সূত্রেই খবর মেলে, ওই সদ্যোজাত শিশুটিকে জগদ্দলে পাচার করা হয়েছে।
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে সদ্যোজাতর মা বর্ষা বিবি বলেন, তার বাবার বাড়ি ২২ নম্বর ওয়ার্ডের মালঞ্চ স্ট্রিটে, শ্বশুরবাড়ি নদীয়ার বিননগরে। সন্তান প্রসবের জন্য বাবার বাড়িতে এসেছিলেন, কিন্তু তার মা খালেদা বিবি তাকে না জানিয়ে তার সদ্যোজাত পুত্র সন্তানকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বুলা খাতুন কারিগর বলেন, আগামী দিনে যাতে তার ওয়ার্ডে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কড়া হাতে ব্যবস্থা নেন তিনি। অন্যদিকে, ওই সদ্যোজাত শিশুকে কত টাকায় বিক্রি করা হয়েছিল, আর এই শিশু বিক্রির চক্রের সঙ্গে কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
