
আসানসোল, ২৮ ফেব্রুয়ারি : ছেলের বিয়ে দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলে। জানা গিয়েছে, ধানবাদের বাসিন্দা অনিল পাণ্ডের ছেলে অরবিন্দ পাণ্ডের বিয়ে হচ্ছিল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। সোমবার রাতে ধানবাদ থেকে পানাগড়ের উদ্দেশে রওনা দেন বরযাত্রীরা। একটি গাড়িতে ছিলেন অনিল পাণ্ডে ও পরিবারের সদস্যরা। আচমকাই আসানসোলের কাল্লা ব্রিজের কাছে দ্রুত গতিতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো লেনে ছিটকে পড়ে গাড়িটি। সেই দুর্ঘটনায় গুরুতর জখম চারজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা দু''জনকে মৃত বলে ঘোষণা করেন। সেই দু''জনের মধ্যেই রয়েছেন অনিল পাণ্ডে (৫৫) ও গাড়ির চালক সন্তোষ বিশ্বকর্মা (৪৬)।
