
কলকাতা, ৩রা মার্চ ২০২৩ঃ বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের স্বনামধন্য অভিনেতা 'পরশ পাথর' ছবির মুখ্য অভিনেতা আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত তুলসী চক্রবর্তীর পুণ্য জন্মদিবসে শুক্রবার সকালে হাওড়ায় ৩২ নং ওয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তুলসী চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান করেন সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়।
শুক্রবার সকালে ৩২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ রায় সাগরদীঘির ফলাফল প্রসঙ্গে বলেন, '২২০টা সিট থেকে ১টা সিট কমে গেল তাতে কিছু যায় আসে না। আগামী দিনে তৃণমূল কংগ্রেসই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তা বহুদিন মানুষ মনে রাখবে। মানুষের স্বার্থে তৃণমূল কাজ করে। মানুষের স্বার্থ ছাড়া আমাদের কোনও স্বার্থ নেই। যেদিন মানুষের স্বার্থে কাজ করতে পারব না সেদিন আমরাই সরে যাব।'
মাধ্যমিক পরীক্ষার সময় বালিতে এবং বাঁকড়ায় মাইক বাজানোর প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, 'যে কোনও পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মনঃসংযোগের ব্যঘাত ঘটানো উচিত নয়। বিশেষ করে জনপ্রতিনিধিদের তো নয়ই। কারণ মানুষের স্বার্থ দেখাই আমাদের একমাত্র কর্তব্য। সেই কারণে পরীক্ষা চলাকালীন মাইক বাজানোর আমি বিরোধী।'
