West Bengal

3 years ago

Matua Fair : মতুয়া মেলার তোড়জোড় শুরু, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

Sarbananda Sanowal
Sarbananda Sanowal

 

বারাসত, ১৮ মার্চ : রবিবার থেকে শুরু হচ্ছে এবছরের মতুয়া মেলা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে সেই মতুয়া ধর্ম মহামেলা। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন । এবারের মেলা উপলক্ষ্যে শনিবার ঠাকুরনগর মতুয়া ধামে এসে পৌঁছবেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উপস্থিত রয়েছেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য শুরু হয়েছে জোর প্রস্তুতি।

মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথি উপলক্ষে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। সেই মেলা নিয়ে শুক্রবার টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন শান্তনু ঠাকুর বলেন, “প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রীকে ধন্যবাদ জানাব। আন্দামান থেকে ১ হাজার ২০০ জন যাত্রী জাহাজে এখানে আসছেন। ৮ টি এক্সপ্রেস ও ৩০টি লোকাল ট্রেন চলছে যাতে ভক্তদের আসতে অসুবিধা না হয়। এই সকল উদ্যোগ নেওয়ার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা মতুয়াদের প্রতি আগ্রহ দেখিয়ে এমন ব্যবস্থা করে দিয়েছেন যা প্রশংসনীয়।”

সূত্রের খবর, বারুনির স্নানের আগে স্নানের আগে ঠাকুরনগরে আসতে শুরু করেছেন প্রচুর ভক্ত। শান্তনু ঠাকুরের দাবি, প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ মানুষের সমাগম হতে পারে এই বছরে।

তবে কেন্দ্রীয় সরকারের তরফে মেলা উপলক্ষে উদ্যোগ নিতে দেখা গেলেও রাজ্য সরকারের তরফে কোনও শুভেচ্ছা বার্তা না আসায় কার্যত আক্ষেপের সুর তৃণমূল নেত্রী মমতা বালা ঠাকুরের গলায়। তবে তিনি মনে করছেন, আগামীকাল বারুনির স্নান। তার আগে রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী তরফের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছবে।

প্রসঙ্গত, শুক্রবার মতুয়া মেলা নিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ করেছেন মতুয়াদের গুরু হরিচাঁদ ঠাকুরের কথাও। সেই টুইটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর।

You might also like!