
কলকাতা, ২৬ আগস্ট : তামিলনাড়ুর মাদুরাই জেলায় ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাত্রী সুরক্ষায় রেলকে আরও বেশি সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাইক্রোব্লগিং সাইট এক্স (টুইটার) মাধ্যমে শনিবার সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "রেলে আরও একটি বিধ্বংসী ঘটনা, এবার মাদুরাই (তামিলনাড়ু)-এ একটি ট্রেনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মর্মান্তিক মৃত্যু ও ২০ জন গুরুতর জখম হয়েছেন! আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি, আশা করছি তদন্ত শীঘ্রই দায়িত্ব ঠিক করবে।"
এরপরই যাত্রী সুরক্ষায় রেলকে আরও বেশি সতর্ক হওয়ারও আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, "রেল কর্তৃপক্ষকে আমি কী মানুষের জীবন সম্পর্কে আরও সজাগ ও সতর্ক হওয়ার আহ্বান জানাতে পারি?" উল্লেখ্য, শনিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ মাদুরাই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায়। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। দমকল ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। আহতরা মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে চিকিৎসাধীন।
