
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোনো লিঙ্ক ক্লিক বা ওটিপি শেয়ার না করেই ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গেল লাখখানেক টাকা! ঘটনায় অবাক হাওড়ার দম্পতি।
জানা গিয়েছে, ছেলের ভবিষ্যৎ পরিকল্পনায় বাগনানের একটি বেসরকারি ব্যাঙ্কে এক লাখ টাকার ডিপোজিট করেছিলেন বাগনানের গোপালপুরের বাসিন্দা স্বর্ণলতা মাজি। তবে সেই টাকা যে কর্পূরের মত উভে যাবে তা তিনি কল্পনাও করতে পারছেন না। তবে শুধু ফিক্সড ডিপোজিট নয়, পাশাপাশি গৃহবধূর সেভিংস অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বেসরকারি ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন ওই বধূ এবং তাঁর স্বামী। কিন্তু, কোনও সদুত্তোর দিতে পারেননি ব্যাঙ্কের কর্তারাও। এরপর তাঁরা বাগনান থানার দারস্থ হয়েছেন।
গৃহবধূর স্বামী বুলবুল মাজি জানান, 'মাস খানেক আমরা বাগনানের একটি বেসরকারি ব্যাঙ্কে এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করি। গত ৪ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ আমার স্ত্রী মোবাইলে কয়েকটি মেসেজ আসে। ও তাতে আমল না দিলেও ২ ঘণ্টায় মোবাইলে পরপর ৩ বার টাকা তোলার মেসেজ ঢোকে।'
