
কোচবিহার, ৭ জুলাই : ‘নির্বাচনের নামে এখন সন্ত্রাস চলছে। পুলিশ ও কলকাতার রাজনীতিকরা আমাদের কোচ কামতাপুরের জনগণের ওপর এই সন্ত্রাস চালাচ্ছে।’ নির্বাচনের একদিন আগে শুক্রবারের ফের ভিডিও বার্তা প্রকাশ করলেন কেএলও সুপ্রিমো জীবন সিং।
কোচ কামতাপুরের জনগণের উদ্দেশে জীবন সিং বলেন, ‘আপনারা দেখতে পারছেন না, নির্বাচনের নামে পুলিশ ও কলকাতার রাজনীতিকরা কীভাবে আমাদের মা-বোন সবার ওপর অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে। আমাদের কোচ কামতাপুরের জনগণকে হত্যা করছে। তারপরও আপনারা এসব দেখে যাবেন, এসব সহ্য করবেন। এসবের প্রতিবাদে আপনাদের গায়ের রক্ত গরম হয়ে ওঠে না? আপনারা কি ভুলে গিয়েছেন আপনাদের শরীরে বীর চিলারায়ের বংশের রক্ত বইছে।’
এদিন জনগণের উদ্দেশে জোড় হাত করে জীবন সিং বলেন, ‘আপনারা জেগে উঠুন। কলকাতার রাজনীতিক ও পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা কোমর বেঁধে লড়াইয়ে নামেন। আমাদের আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যেটাই হোক আমাদের উদ্ধার করতে হবে। কলকাতার রাজনীতিকদের দাস হয়ে থাকবেন না, তাদের কথা শুনবেন না।’
