
আইজল, ১৯ জুন : গত দেড় মাসে মিজোরামের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭৮.১৯ কোটি টাকার মাদকদ্রব্য।
আজ সোমবার আসাম রাইফেলস-এর জনৈক আধিকারিক জানান, গত ৫ মে থেকে ১৪ জুনের মধ্যে মিজোরামে নিয়োজিত নিরাপত্তা বাহিনী রাজ্যের ২১ স্থানে অভিযান চালিয়ে মাদক চোরাচালানকারীদের হেফাজত থেকে প্ৰায় ৭৮.১৯ কোটি টাকার নানা ধরনের ড্রাগস বাজেয়াপ্ত করেছে। এগুলির মধ্যে রয়েছে হেরোইন, ব্রাউন সুগার, কোকেন, মেথামফেটামাইন, গাঁজা সহ অ্যারেকা বাদাম এবং বিদেশি সিগারেট।
সূত্রটি জানিয়েছে, গত ১২ জুন রাজ্যে রেকর্ড ভঙ্গ করে ২৪৮ কিলোগ্রাম ওজনের প্রায় ৩১ কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছিল। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মায়ানমারের জনৈক এন ঙোলাং এবং অসমের কাছাড় জেলার চার বাসিন্দা যথাক্রমে মহম্মদ নাজিমুল হুসেন বরভুইয়াঁ (৩৪), আব্দুল কালাম লস্কর (২৩), কুতবুল আলম লস্কর (২৮) এবং শুকুর আলি মজুমদার (২২)-কে।
এছাড়া গোপন তথ্যের ভিত্তিতে গত দুদিনে মিজোরামের এগসাইজ অ্যান্ড নারকটিক দফতরের আধিকারিকরা আইজলের দুটি স্থানে অভিযান চালিয়ে ৬.০৫ কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছেন।
