
কলকাতা : পাঁচ দিনের স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আপনারা সবাই ভাল থাকবেন। সবাইকে দেখে রাখবেন। আমি ও মুখ্যসচিব যাচ্ছি এই সফরে। তাই স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে সব থাকবে। প্রত্যেক পদস্থ অফিসারকে বলেছি পরস্পরের সঙ্গে আলোচনা করে কাজ চালাতে। ’
মধ্য রাতের রাজ্যপালের গোপন চিঠি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘রাজ্যপালের চিঠি পেয়েছি, কিন্তু প্রকাশ্যে আনব না’।রাজ্যপালের চিঠি একান্তই ব্যক্তিগত। আমি বাইরে যাচ্ছি, তাই উনি শুভ কামনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন, আর কিছু নয়। এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত চিঠি আমি প্রকাশ্যে আনতে পারি না।
যদিও ওয়াকিবহাল মহলের ধারণা রাজ্য মন্ত্রিসভার রদবদলের প্রস্তাবের ফাইল কদিন ধরে পড়ে ছিল রাজভবনে। রাজ্যপাল সেটিতে সই না করায় রদবদল রূপায়িত করা যাচ্ছিল না। মুখবন্ধ খামে রাজ্যপাল সেটাই পাঠিরেছেন মুখ্যমন্ত্রীর কাছে।
