
হুগলি, ২২ অক্টোবর : দীপাবলির আগে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে পুলিশের অভিযানে প্রায় ৭০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হল। হুগলি গ্রামীণ ও চন্দননগর কমিশনারেটের একাধিক অভিযান প্রায় ৭০০ কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত, পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী, যে সব বাজি শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ করে, সেগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকজনকে এই অভিযানগুলির সময় গ্রেফতারও করা হয়েছে। শনিবার হুগলির চণ্ডীতলার বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২ জনকে।ডানকুনি থানা ২০০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে, চন্দননগর কমিশনারেটের একটি অভিযানে ২৭০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে।পাশাপাশি 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
