
কুলপি, ২৬ ফেব্রুয়ারি : দুটি গাড়ির বেপরোয়া রেষারেষিতে প্রাণ গেলো ঠাকুমা ও নাতির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুল্পির গোপালনগর মোড় ১১৭ নং জাতীয় সড়কে। মৃত ঠাকুমা করবী বৈদ্য( ৫৪) ও নাতি অর্ঘদ্বীপ বৈদ্য (৫)। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। দক্ষিন ২৪ পরনার কুলপিতে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঠাকুমা করবী বৈদ্য অর্ঘদ্বীপকে সাথে নিয়ে বড় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কাকদ্বীপগামী দুটি প্রাইভেট গাড়ি বেপরোয়াভাবে নিজেদের মধ্যে রেষারেষি করে আসছিলো। গোপালনগর মোড়ের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে করবী ও অর্ঘদ্বীপকে। ঘটনায় দুজনেই ছিটকে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকেই উদ্ধার করে দ্রুত কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘটনায় ঘাতক গাড়িটিকে আটক করেছে কুলপি থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
