
আলিপুরদুয়ার, ২৫ অক্টোবর : ধানের লোভে লোকালয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পূর্ণবয়স্ক হাতির। দশমীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি গ্রামে। বুধবার সকালে হাতিটির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই ধানের লোভে চিলাপাতা বনাঞ্চল থেকে বেরিয়ে হাতি হানা দিচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।
মঙ্গলবার রাতেও হাতি হানা দেয় উত্তর মেন্দাবাড়ি গ্রামে। সেই সময় কোনওভাবে হাতির শুঁড় লেগে যায় বিদ্যুতের তারে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় হাতিটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিলাপাতা রেঞ্জের মেন্দাবাড়ি বিটের বনকর্মীরা। বিদ্যুৎ বণ্টন দফতরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে বলে অনুমান বন কর্মীদের। এদিকে, হাতির মৃত্যুর খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
