
কোরবা, ৩০ অক্টোবর : ছত্তিশগড়ের কোরবা জেলায় সোমবার সকালে ট্রেলারের ধাক্কায় আহত হন এক যুবক। ছত্তিশগড়ের কোরবা জেলার সর্বমঙ্গলা কানবেরী সড়কে একটি দ্রুতগামী ট্রেলার এক বাইক আরোহীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন যুবক। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সর্বমঙ্গলা পুলিশ চৌকির অন্তর্গত চন্দ্রনগর যাত্রারাজের বাসিন্দা ভাগীরথী প্যাটেল চাষের কাজ করেন। প্রতিদিনের মতো সোমবারও সকাল ৬টা নাগাদ তিনি বাইকে করে সবজি নিয়ে সর্বমঙ্গলা চকের দিকে যাচ্ছিলেন।
গ্রামের কাছে জোদা সেতুতে একটি দ্রুতগামী ট্রেলার বাইকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী ভাগীরথী প্যাটেল। ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হওয়ার আগেই ট্রেলারের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। গ্রামবাসীরা বহুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। সর্বমঙ্গলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তোলে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, ওই রাস্তায় দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রতিদিনই ঘটছে অপ্রীতিকর ঘটনা।
