
কলকাতা, ৩০ মে: সামনে পঞ্চায়েত ভোট। কিন্তু তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের একাংশের মতে, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল নজর রয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে।
পূর্ব মেদিনীপুর জেলার দু’টি লোকসভা আসন কাঁথি এবং তমলুক ধরে রাখতে চান তিনি। আপাতত ওই দু’টি কেন্দ্রের সাংসদ শুভেন্দুর বাবা শিশির অধিকারী (কাঁথি) এবং শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী (তমলুক)। আগামী লোকসভা ভোটে তাঁরা যে তৃণমূলের টিকিট পাবেন না, তা একপ্রকার নিশ্চিত।
ফলে অভিষেককে এক দিকে যেমন বিকল্প প্রার্থীর বন্দোবস্ত করতে হবে, তেমনই অন্য দিকে দু’টি আসনই দখল করে বিরোধী দলনেতা শুভেন্দুকে বার্তাও দিতে হবে। তার প্রাথমিক কাজটা এই যাত্রার মধ্য দিয়েই করতে চাইছেন অভিষেক। এবং সেই কারণে অনেকটা প্রত্যাশিত ভাবে নন্দীগ্রামকেই বেছে নিয়েছেন তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, গত একমাসে যেখানেই অভিষেক তাঁর যাত্রা নিয়ে পৌঁছেছেন, সেখানেই জনতার ঢল নেমেছে। নন্দীগ্রামেও একই ঘটনা ঘটবে। যাতে শুভেন্দু শিবির খানিকটা ধাক্কা খেতে পারে।পাঁশকুড়া পূর্ব ও নন্দকুমার বিধানসভা তমলুক লোকসভার অংশ। আবার পটাশপুর এবং রামনগর বিধানসভা কেন্দ্র কাঁথি লোকসভার অন্তর্গত। পূর্ব মেদিনীপুরের চারটি কর্মসূচিতেই দলের প্রতিটি বিধানসভার নেতা-কর্মীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অভিষেকের জনসংযোগ যাত্রা না পৌঁছলে তাঁর লক্ষ্য সম্পূর্ণ হবে না বলেই মনে করছে শাসক শিবির। আবার অভিষেকের রাত্রিযাপনের পর শুভেন্দু নন্দীগ্রামে পাল্টা কোনও কর্মসূচি নেন কি না, সে দিকেও নজর রেখেছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তবে এটা ঠিক যে, বৃহস্পতিবার নন্দীগ্রামে অভিষেকের কর্মসূচির উপর নজর থাকবে শাসক এবং বিরোধী— উভয় শিবিরেরই।
