
বারুইপুর, ৪ মার্চ : কোনও মেয়েকে এক দেখলেই পিছু ধাওয়া, কটূক্তি, তারপর সুযোগ বুঝে ব্যাগ নিয়ে চম্পট। এই চক্রের ৬ অভিযুক্তকে পাকড়াও করল বারুইপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল ফোন এবং ৫টি চোরাই মোটর বাইক।
গড়িয়া, মহামায়াতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুর— এই সমস্ত এলাকা জুড়ে অপরাধ চালাত এই ৬ জন। অবশেষে তাদের ৬ জনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, ওই ছিনতাইবাজরা মূলত অল্পবয়সিদের টার্গেট করত। রাস্তায় কোনও তরুণী হাঁটছেন। আচমকা তাঁর গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ত মোটর বাইক। অশালীন আচরণ করা হত ওই তরুণীর সঙ্গে। তিনি যখনই এর প্রতিবাদ করতে যেতেন, পিছন থেকে কেউ তরুণীর সঙ্গে থাকা ব্যাগ বা অন্যান্য জিনিস নিয়ে পালাত। এই ভাবে দিনের পর দিন ছিনতাইয়ের কাজ করত এক দল যুবক। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে পোলঘাট অঞ্চলের একটি কারখানার সামনে থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের কাছ থেকে মোবাইল, মোটর বাইক ছাড়াও ছিনতাইয়ের সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আসিফ খান, সাহিল মন্ডল, বিলুয়ার হোসেন গাজি, সাগির গাজি, জাহাঙ্গীর গাজি এবং রূপ নস্কর। তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি মোবাইল ফোন এবং ৫টি চোরাই মোটর বাইক।
