
কলকাতা, ৩০ মার্চ : বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য–সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট ১৪ জনকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। পার্থবাবুকে এ দিন কেউ ‘চোর চোর’ বলে স্লোগান দেয়নি। বরং তাঁকে দেখে জিন্দাবাদ স্লোগান দিয়েছেন মানুষজন। যদিও আগের মতোই নীরব অবস্থানই পালন করেন তিনি।
আগে জেলের বাইরে এবং জেলের ভিতরে পার্থকে ‘চোর’ স্লোগান শুনতে হয়েছিল বহুবার। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের পথে নিয়ে যাওয়ার সময় তাঁর কয়েকজন অনুগামী স্লোগান দেয়। ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান তোলেন তাঁরা। সেই স্লোগান শুনেও আদালতকক্ষে নীরবে ঢুকে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এদিন নিয়ে আসা হয়েছিল অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, চন্দন মণ্ডল, প্রদীপ সিং, প্রসন্ন রায়। ২৩ মার্চ শুনানিতে বিচারক পার্থের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার মেয়াদ শেষ হয়েছে। তাই ফের আদালতে তোলা হল।
