
কলকাতা, ৩১ ডিসেম্বর : কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা এক অভিযানে মাদকসহ গ্রেফতার এক যুবক। ওই যুবকের থেকে উদ্ধার হয়েছে পাঁচ কোটি টাকার নিষিদ্ধ মাদক। বছর ২৬-এর ওই যুবকের নাম প্রশান্ত সরকার। বাড়ি নদিয়ার শান্তিপুরে। ওই যুবকের থেকে মোট ১ কেজি ১৬ গ্রাম উচ্চমানের মাদক বাজেয়াপ্ত করেছেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা।
গোপন সূত্র মারফত পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মতো শুক্রবার বিকেলে এন্টালি থানা এলাকার অন্তর্গত শিয়ালদহ স্টেশন রোড থেকে প্রশান্ত সরকারকে পাকড়াও করেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। সেই সময়েই তল্লাশি চালিয়ে অফিসাররা ওই যুবকের থেকে উচ্চমানের হেরোইন উদ্ধার করে। কালোবাজারে ওই মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৮ লাখ টাকা বলে অনুমান পুলিশের। ধৃত ওই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ওই যুবককে আদালতে পেশ করেছে পুলিশ।
