
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের শিক্ষক নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতির আঁচ পাচ্ছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।এই মর্মে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অভিযুক্ত ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
বুধবার শুনানি-পর্বে বিচারপতি বসু বলেন, ‘‘দুর্নীতি কোথায় হয়েছে তা দেখা হবে। কিছু যোগ্য প্রার্থীর কথা বিবেচনা করবে আদালত। যদি দেখা যায় অধিকাংশকেই বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে তবে প্রয়োজনে সব নিয়োগ বাতিল করে দেব।’’
২০১৬ সালে নবম এবং দশম শ্রেণিতে বয়স এবং অ্যাকাডেমিক নম্বর বেশি দেখিয়ে অনেককে শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগে হাই কোর্টে মামলা করেন ১৯২ জন চাকরিপ্রার্থী। ওই বছর নভেম্বরে পরীক্ষা হয়। এই নিয়োগে দুর্নীতির অভিযোগে চলতি বছর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এসএসসি কর্তৃপক্ষকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, সমস্ত প্রার্থীর মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকা সামনে আসার পরই এই তথ্য প্রকাশ পায়।
