
কলকাতা, ৯ ফেব্রুয়ারি: তাপমাত্রার পারদ ফের উর্ধ্বমুখী তিলোত্তমায়, বাড়তে বাড়তে ২০ ডিগ্রির ঘরে পৌঁছেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় শীতের আমেজ এখন একটুও নেই, কলকাতা লাগোয়া জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবারও সকালেও হালকা কুয়াশার চাদরে ঢেকে ছিল কয়েকটি জেলা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। আবহবিদেরা জানিয়েছেন, আগামী কয়েক দিন তাপমাত্রায় কোনও হেরফের লক্ষ্য করা যাবে না, আপাতত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে বলাই যেতে পারে।
