
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। দিনের পাশাপাশি রাতেও বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন কলকাতার তাপমাত্রা একইরকম থাকবে, কোনও হেরফের হবে না। আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর ওপরেই থাকবে। ফলে দিনে অনুভূত হবে গরম, স্বাভাবিকভাবে বাড়বে অস্বস্তি। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভোরের দিকে থাকতে পারে হালকা কুয়াশা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। এদিকে, তাপমাত্রার পারদ বাড়তে থাকায় ফেব্রুয়ারি মাসেই অনুভূত হচ্ছে গরম, দুপুরের গরম গ্রীষ্মের কথা মনে করিয়ে দিচ্ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
