
কলকাতা, ১৭ জানুয়ারি : মহানগরীতে ফের নামল তাপমাত্রার পারদ। খুব বেশি না কমলেও, পারদের পতনে ফিরেছে মৃদু ঠান্ডা। তবে, জমজমাট ঠান্ডার প্রত্যাবর্তন এখনও হয়নি। কলকাতার তুলনায় শীত একটু বেশি দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলায়। আবার পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে শীতের দাপট অনেকটাই বেশি।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে কলকাতায়। ফলে শীতও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের তুলনায় শীত বেশি উত্তরবঙ্গেও, সেখানে কুয়াশার দাপটও বেশি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই মুহূর্তে ওঠানামা করছে তাপমাত্রার পারদ।
