
কলকাতা, ১৫ এপ্রিল : আরও তীব্র হচ্ছে গরমের দাপট। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। তার মধ্যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলার কথা ঘোষণা করেছেন আবহবিদরা। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের তালিকায় কলকাতা ছাড়াও রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান।
এ ছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ। এই অবস্থায় আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়ছেন মানুষ। দুপুরে রাস্তায় বেরোনোই যাচ্ছে না, অত্যধিক গরম হাওয়া দুর্বল করে তুলছে মানুষজনকে।
