
কলকাতা, ১২ এপ্রিলের : শুষ্ক গরম বাতাসের প্রভাবে তাপমাত্রার পারদ চড়ছে কলকাতায়, দক্ষিণবঙ্গের সর্বত্রই পারদ ঊর্ধ্বমুখী। একই অবস্থা উত্তরবঙ্গেও। প্রচন্ড গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন, দুই তাপমাত্রাই স্বাভাবিকের ওপরে। পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও, একটানা শুষ্ক গরমে অসুস্থ হয়ে পড়া এড়াতে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে জানিয়েছেন আবহবিদরা।
অত্যধিক গরমে কাহিল হয়ে পড়ছে তিলোত্তমা, মাত্রাতিরিক্ত এই গরম এখনই কমবে না। রোদের দাপট আরও নাজেহাল অবস্থার সম্মুখীন হবে দক্ষিণবঙ্গে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। এই সময়ে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গবারের পর বুধবারও ঊর্ধ্বমুখী কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন স্বাভাবিকের ওপরেই থাকবে কলকাতার তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতাতেও গত কয়েক দিনে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে তাপমাত্রার পারদ।
সকালের দিকে রোদের তেজ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গনগনে রোদে বাড়ির বাইরে বেরোনো দায়। সন্ধ্যা কিংবা রাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকছে, যে কারণে গরমের অস্বস্তিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। বুধবারও তীব্র রোদের দাপট ছিল শহর ও শহরতলিতে।
