
কলকাতা, ১০ মে : প্রবল তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শুক্রবার থেকেই বদলে যেতে পারে আবহাওয়া, আপাতত যা পূর্বাভাস তাতে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সংলগ্ন এবং উপকূলবর্তী ৪ জেলায়।আপাতত উপকূলবর্তী দুই ২৪ পরগনায় আর পূর্ব মেদিনীপুরে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। কাকতালীয় ভাবে ১২ মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দফতর। সে ক্ষেত্রে শুক্রবার ঘূর্ণিঝড় ‘মোকা’ বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে মুখ ঘোরাতে পারে। আর ওই দিন থেকেই বৃষ্টি শুরু হতে চলেছে বঙ্গের উপকূলে।
বুধবার প্রবল গরমে নাভিশ্বাস হল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। গরমের দহনজ্বালায় নাভিশ্বাস অবস্থা তিলোত্তমা। বিগত কয়েকদিনের মতো বুধবারও সকাল থেকেই চড়া ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
