
কলকাতা, ৫ এপ্রিল : কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন পরিবেশ থাকবে মূলত শুষ্কই। পশ্চিম থেকে শুষ্ক বায়ু ঢোকার কারণে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি— এই ৩ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে তিলোত্তমায়, মঙ্গলবারের পর বুধবারও বাড়ল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আবহবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনে কলকাতা এবং লাগোয়া এলাকায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গেও বিদায় নেবে বৃষ্টি। আগামী চার থেকে পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা। তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি।
