kolkata

3 years ago

Weather Forecast : নতুন বছরে ফের ঊর্ধ্বমুখী পারদ, হালকা শীতের আমেজ নিয়েই নতুন বছরকে স্বাগত জানাল তিলোত্তমা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ১ জানুয়ারি : সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। বছরের প্রথম দিনও জাঁকিয়ে শীত অধরা। হালকা শীতের আমেজ নিয়েই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে শহরবাসী। এদিকে কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছে শহরের আকাশ। কমেছে দৃশ্যমানতা।

রবিবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। বছরের শেষ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪২ থেকে ৯১ শতাংশের মধ্যে। সকাল থেকেই কুয়াশার দাপট বজায় রয়েছে শহরে। বেশ কিছু অংশে দৃশ্যমানতা একেবারেই কমে গিয়েছে। দূষণের পরিমাণ বেড়েছে শহরজুড়েই। শব্দবাজির দাপটে কলকাতার দূষণসূচকের মাত্রাও খারাপ দিকে গড়িয়েছে। বিধিনিষেধেক তোয়াক্কা না করেই রাতভর শব্দবাজি ফাটানো হয়েছে শহরের সর্বত্র।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সকালের দিকে শিরশিরে ঠান্ডা ও ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটবে। আজও সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা শহর। তবে বেলা বাড়তেই কুয়াশার প্রভাব কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। এর আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। ঘূর্ণাবর্তের প্রভাব কাটতেই ফের কমতে থাকে শহরের তাপমাত্রা।

You might also like!