
কলকাতা, ২১ জানুয়ারি: আগের দিনের তুলনায় শনিবার সামান্য চড়ল তিলোত্তমার তাপমাত্রা। শুক্রবার সকালে ৩ ডিগ্রি কমে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল মহানগরীর তাপমাত্রা, শনিবার সামান্য বেড়ে ১৪.০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিক। পারদ চড়লেও শনিবার সকালে হালকা শীতের আমেজ অনুভূত হয়েছে কলকাতায়। ঠান্ডা ছিল কলকাতা সংলগ্ন জেলাগুলি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রার থাকতে পারে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে শীতের আমেজ ছিল শনিবার সকালেও। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলি সকাল থেকেই হিমেল হাওয়া বইতে থাকে। তবে, আগামী কয়েক দিনে হাড়কাঁপানো শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাড়তে পারে তাপমাত্রা, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
