
কলকাতা, ২২ জুলাই : ভারী বৃষ্টি হচ্ছে না, কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মাঝেমধ্যেই আকাশ কালো করে এসে বৃষ্টি নামছে তিলোত্তমা ও সংলগ্ন জেলাগুলিতে। বেশি বৃষ্টি হচ্ছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে। শনিবার সকালেও এক পশলা বৃষ্টিতে ভিজেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নানা অংশ। বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন মোটামুটি মনোরমই। মহানগরীতেও স্বস্তির আমেজ।
তবে, বৃষ্টি হলেও যে পরিমাণ ঘাটতি ছিল, তা এখনও পূরণ হয়নি দক্ষিণবঙ্গে। আগামী কিছু দিনের মধ্যেও সেই ঘাটতি মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা। তবে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিই হবে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
