
কলকাতা, ২২ জানুয়ারি : পারদের ওঠানামা লেগেই রয়েছে তিলোত্তমায়, শনিবারের পর রবিবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। পারদ ঊর্ধ্বমুখী হতেই শীতের আমেজও প্রায় উধাও হয়ে গিয়েছে তিলোত্তমা থেকে। তবে, কলকাতায় সেভাবে শীত মালুম না হলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও রয়েছে শীতের পরশ। গ্রাম বাংলার মানুষ উপভোগ করছেন ঠান্ডা।
সামান্য বাড়ার পর রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান প্রভৃতি জেলায় এদিন সকালেও শীত মালুম হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও তাপমাত্রার হেরফের হতে পারে।
