kolkata

3 years ago

WB SSC Scam: তাঁর আদালতে মানিককে আজই নিয়ে আসতে জেলকে নির্দেশ বিচারপতির

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

কলকাতা, ৫ এপ্রিল  : বিধায়ক মানিক ভট্টাচার্যকে দু’ঘণ্টার মধ্যে কলকাতা হাই কোর্টে হাজির করাতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার এ ব্যাপারে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

যেটা নজিরবিহীন, তা হল জেলবন্দি আসামীদের কখনও হাই কোর্টে হাজির করানো হয় না। তাঁদের শুনানির জন্য রয়েছে নিম্ন আদালত। নিয়োগ মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক জেলে যাওয়ার পর থেকে তাঁর নানা আবেদন শোনা হয়েছে নিম্ন আদালতেই। কিন্তু বুধবার সেই প্রচলিত ধারা ভেঙেই মানিকবাবুকে হাই কাের্টে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মানিকবাবু এখন প্রেসিডেন্সি সংশোধনাগারেই বন্দি। আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই ডেকে পাঠিয়েছেন তাঁকে। তাঁকে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন— অ্যাপ্টিটিউড টেস্ট, টেট পরীক্ষা, নম্বর ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বুধবার দুপুর ১টা নাগাদ হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতির মামলার ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই শুনানি চলাকালীনই বিচারপতি ওই নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মানিকবাবুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। তিনিই মানিকবাবুকে প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি পদ থেকেও অপসারণের নির্দেশ দিয়েছিলেন।


You might also like!