
কলকাতা, ১০ জানুয়ারি : পারদ চড়তেই শীতের শিরশিরানি উধাও হয়ে গেল তিলোত্তমা থেকে। তবুও হালকা ঠাণ্ডা রয়েছে, কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এই সপ্তাহান্তে তাপমাত্রার পারদ চড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কিছুটা বেড়ে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
মঙ্গলবার সকালেও কুয়াশাচ্ছন্ন ছিল কলকাতা ও বেশ কয়েকটি জেলা, তবে শীতের শিরশিরানি সেভাবে মালুম হয়নি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ঠান্ডা থাকলেও, কনকনে শীত উধাও হয়ে গিয়েছে তিলোত্তমা থেকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহের শেষে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহের শেষে।
আবহবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ফের বাড়তে পারে। সেই সঙ্গে দুর্বল হয়ে এসেছে উত্তুরে হাওয়া। বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি। সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে।
