
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার যাদবপুরের ছাত্রমৃত্যুর তদন্তে নয়া তথ্য এল পুলিশের হাতে , সম্প্রতি হস্টেলের নিরাপত্তারক্ষী ও রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সিনিয়ারদের কথা না শোনার শাস্তি হিসাবে জুনিয়ারদের দিয়ে জোর করে ‘রেলিং ওয়াক’ করানো হত। কখনও হস্টেলের তিনতলা, কখনও আবার চারতলার বারান্দার কংক্রিটের পাঁচিল বা রেলিংয়ের উপর দিয়ে হাঁটতে হত নবাগতকে। ক্ষেত্রবিশেষে জামাকাপড় খুলিয়ে হাঁটানো হত। সামান্য ব্যালান্স হারালেই যে সাক্ষাৎ মৃত্যু তা জেনেও যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের সিনিয়র দাদারা নাকি হস্টেলে নতুন আসা ছাত্রদের উপর আকছার এ ধরনের অত্যাচার চালাত!
এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন, গত বুধবার রাতে যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রটিকেও রেলিংয়ে জবরদস্তি হাঁটানো হয়েছিল কি না।সূত্রের খবর, ইতিমধ্যে ধৃত যাদবপুরের এক প্রাক্তনী ও দুই ছাত্রকে জেরা করেও এই ব্যাপারে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে। তারই ভিত্তিতে সোমবার লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই ঘটনার পুনর্গঠন করেন ডিসি (এসএসডি) বিদিশা কলিতা। তিনতলার বারান্দার পাঁচিলের উপর থেকে ভারী বস্তু ফেলে দেখা হয়, ছাত্রটি কীভাবে তিনতলার বারান্দা থেকে পড়েছেন।
মৃত ছাত্রের বাবার অভিযোগ অনুযায়ী, তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, নাকি সে বারান্দা থেকে লাফ দিয়েছে, নাকি তাকে বিবস্ত্র অবস্থায় রেলিংয়ের উপর দিয়ে হাঁটতে বলা হয়েছিল, বৈজ্ঞানিক উপায়ে তা জানার চেষ্টা হয়। কোন অবস্থায় পড়ে গেলে যে জায়গায় দেহটি পড়তে পারে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, মৃত পড়ুয়ার বয়স ১৮ বছরের কম হওয়ায় সে নাবালক বলে জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন। সেইমতো কমিশন ছাত্রের মৃত্যুতে পুলিশকে পকসো আইনে মামলা শুরু করার পরামর্শ দেয়। যদিও এদিন আলিপুর আদালতে পকসো (POCSO) আইনের ধারা যুক্ত করার আবেদন জানায়নি পুলিশ। এই ব্যাপারে লালবাজারে পুলিশ কমিশনার বলেন, ‘‘তদন্ত চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।’’
প্রসঙ্গত, গত বুধবার ঘটনার দিন ছাত্র পড়ে যাওয়ার খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ হস্টেলে যায়। কিন্তু পুলিশকে তখন হস্টেলে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ব্যাপারে এদিন হস্টেলের ছাত্রদের বিরুদ্ধে পুলিশের পক্ষে নতুন একটি মামলা দায়ের হয়েছে।
