
কলকাতা, ৫ জানুয়ারি : পশ্চিমবঙ্গ নয়, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছিল আসলে বিহার থেকে। বৃহস্পতিবার এমনটাই জানাল পূর্ব রেল। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় দোষীদের চিহ্নিত করেছে রেল। হাওড়া-নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেনের রেকে লাগানো সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে।
প্রসঙ্গত, উদ্বোধনের এক সপ্তাহের মধ্যেই পরপর দু'বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই পাথর ছোড়ার ঘটনায় চিন্তিত ছিল রেল। রেলের তরফে নিশ্চিত করা হয়েছে, এই পাথর পশ্চিমবঙ্গ থেকে নয়, ছোড়া হয়েছিল বিহার থেকে। বৃহস্পতিবার এই কথা জানান, পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। একলব্য চক্রবর্তী বলেন, ‘‘পাথর বিহার থেকে ছোড়া হয়েছে। সেই ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অভিযুক্ত চার ব্যক্তির গতিপ্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে যে, ওঁরা পাথর ছুড়তেই ওখানে দাঁড়িয়েছিল। প্রতিটি কামরায় সিসিটিভি রয়েছে। সেখানেই এই ছবি ধরা পড়েছে।’’
সিসিটিভি ফুটেজে পাথর ছোড়ার সময় দেখেই এ বিষয়ে অনুমান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও বৃহস্পতিবার সকালে রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এ বিষয়ে রেলের তরফে বিহারের প্রশাসনের কাছে চিঠি পাঠানো হবে বলেও জানান একলব্য চক্রবর্তী।
