
রিষড়া, ৪ এপ্রিল : হুগলির রিষড়ায় শান্তি ফিরল না এখনও, রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি রিষড়ায়। সকাল থেকে এলাকায় টহল দিতে দেখা হয় পুলিশকে। সাধারণ মানুষের উদ্বেগ এখনও কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে।
হুগলির রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল রাতে। যে কারণে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। রাত ১.০৮ মিনিটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার সকাল থেকেই রিষড়া এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে। ছোটখাটো দোকানপাট সকালের দিকে খুলতে দেখা যায়নি। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।
এদিকে, রিষড়া অশান্তি ও হিংসার খবর শুনে দার্জিলিং সফর কাঁটছাঁট করে কলকাতায় ফিরে আসছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, রিষড়ায় অশান্তি ও হিংসার খবর শুনে রাজ্যপাল বোস উদ্বেগ প্রকাশ করেছেন।
