
কলকাতা, ৬ ফেব্রুয়ারি : নাবালিকাকে ধর্ষণের মামলায় সোমবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাই কোর্টের নির্দেশে অস্বস্তিতে থাকলেন তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি।
চলতি বছরের ১০ জানুয়ারি কাঁথি থানায় তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু পুলিশি তদন্তে অসন্তুষ্ট ওই পরিবার হাই কোর্টের দ্বারস্থ হন। এর পর গত ১৯ জানুয়ারি মামলা দায়ের হয়। আদালত অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু তার পরও শুভদীপকে পুলিশ গ্রেফতার না করায় পুলিশের তদন্ত নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন খোদ বিচারপতি মান্থা।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের রায়, বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ অভিযুক্তকে আত্মসমর্পণের যে নির্দেশ দিয়েছিল, সেটিই বহাল থাকছে। প্রয়োজনে ওই বেঞ্চে গিয়েও রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন পূর্ব মেদিনীপুরের কাঁথির তৃণমূল ছাত্রনেতা।
এর আগে এক তদন্তকারী পুলিশ কর্তাকে তিনি বলেন, ‘‘আপনি সঠিক ভাবে তদন্ত করছেন না... । যত দ্রুত সম্ভব তাঁকে (শুভদীপকে) গ্রেফতার করুন।’’ এ ছাড়া, অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত। তবে অভিযুক্তের আইনজীবী এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ তাঁকে ফেলল সিঙ্গল বেঞ্চেই।
